ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মব সৃষ্টি করে সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হামলার রাতে বড় অঙ্কের নগদ অর্থ লুট করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এর মধ্য থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা। বাকি টাকা দিয়ে ওই ব্যক্তি টিভি ও ফ্রিজ কিনেছেন, যা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
গ্রেফতারকৃত কারো কারো নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রয়েছে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও।
হামলার ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে এমন অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
হামলার তিনদিন পর ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে সােমবার মামলা করেছে প্রথম আলাে।
হামলায় সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্য রাতে হওয়া ওই হামলার ঘটনা ঘিরে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মহলের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।
নিন্দা জানিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার হামলার ঘটনাটিকে ‘গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’ এবং ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ঠিক কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে।
ঘটনার তিনদিন পর সােমবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে ৩১ জনকে শনাক্ত এবং ১৭ জনকে গ্রেফতারের তথ্য জানানো হলো।
এছাড়া হামলার শিকার গণমাধ্যম দু’টির নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
“পত্রিকা দু’টির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে,” সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন মি. চৌধুরী।

Reporter Name 


















